
শীত মৌসুমের আগে গাজা উপত্যকায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অতিরিক্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা বোর্ড অব পিস ও জাতিসঙ্ঘের সাথে সমন্বয় করে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পূরণে অস্বীকৃতি জানালেও গাজার মানুষের শীতকালীন দুর্ভোগ কমাতে অতিরিক্ত মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।
বিবৃতিতে বলা হয়, অধিকৃত ভূখণ্ডে সরকারি কার্যক্রম সমন্বয়কারী সংস্থা ‘কোগ্যাট’-এর মাধ্যমে গাজায় শীতকালীন প্রস্তুতি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করছে ইসরাইল। এ কার্যক্রমে গাজা বোর্ড অব পিস, জাতিসঙ্ঘ, আন্তর্জাতিক সংস্থা ও দাতা দেশগুলোর সাথে সমন্বয় করা হচ্ছে।
পরিকল্পনার আওতায় গাজায় ৯১ হাজারের বেশি তাঁবু, ত্রিপল, কম্বল, শীতের পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীবাহী আট হাজার ২০০টির বেশি ট্রাক পাঠানো হবে। এছাড়া পয়ঃনিষ্কাশনের বর্জ্য পানি পাম্প করে অপসারণের জন্য ১২টি ভ্যাকুয়াম ট্রাক পাঠানো হবে।
এ পরিকল্পনায় পানি ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক মেরামত ও পানি নিষ্কাশন পাম্প চালানোর জন্য জ্বালানি সরবরাহের বিষয়টিও রয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় জানায়, গাজায় শীতকালীন প্রস্তুতিতে সহায়তা অব্যাহত রাখবে ইসরাইল।
তবে বিবৃতিতে বলা হয়, মানবিক সহায়তা ও সরঞ্জাম ব্যবহার করে হামাস যাতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে আরো বলা হয়, নিরস্ত্রীকরণে হামাসের অব্যাহত অস্বীকৃতিই গাজার পুনর্গঠনের পথে প্রধান বাধা।
২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
এর আগে অ্যাক্সিওস সংবাদমাধ্যম এক সূত্রের বরাত দিয়ে জানায়, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার শান্তি পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
চুক্তিতে দুই পর্যায়ের পরিকল্পনার কথা বলা হয়। প্রথম পর্যায়ে যুদ্ধ বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি, গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাড়ানো ও ইসরাইলি সেনাদের আংশিক প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
দ্বিতীয় পর্যায়ে সংঘাতের অবসান ও গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আরো পদক্ষেপ নেয়ার কথা বলা হয়।
চলতি বছরের ৩০ জুলাই ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের চুক্তির ঘোষণা দেন। এ পর্যায়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের কথা রয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








