আবুধাবি, রাশিয়া-ইউক্রেন, শান্তি আলোচনা, দ্বিতীয় দিন, জেলেনস্কি,
আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা দ্বিতীয় দিন। আনদুলু

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা বুধবার দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া প্রথম দিনের বৈঠক চলে প্রায় সাড়ে চার ঘণ্টা।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১১ নভেম্বর) জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দ্বিতীয় দিনের আলোচনা শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ত্রিপক্ষীয় বৈঠক শেষে বিকেলে রুশ প্রতিনিধিদলের সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র গোয়েন্দা বিভাগের প্রধান রুস্তেম উমেরভও আলোচনার দ্বিতীয় দিন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। টেলিগ্রামে তিনি জানান, ত্রিপক্ষীয় বৈঠক শেষে ইউরোপীয় প্রতিনিধিদের সাথে আলাদা বৈঠক হবে।

ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনার পর এটিই রাশিয়া-ইউক্রেনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবিতে দুই দফা আলোচনা হয়েছিল।

রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্টের বিশেষ দূত ভ্লাদিমির মেদিনস্কি। দলে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন ও সের্গেই রিয়াবকভ। প্রথম দিনের বৈঠক শেষে রিয়াবকভ বলেন, আলোচনার ফলাফল মূল্যায়ন করার সময় এখনো আসেনি। ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন উমেরভ। দলে রয়েছেন প্রেসিডেন্টের দপ্তরপ্রধান কিরিলো বুদানভ।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে ‘গঠনমূলক ও বেশ ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। তিনি জানান, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং তা দীর্ঘমেয়াদে কার্যকর রাখার ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা এবং উত্তেজনা কমানোর পদক্ষেপ নিয়েও কথা হয়েছে। মানবিক উদ্যোগের পাশাপাশি বন্দিমুক্তিকে অগ্রাধিকার দেয়ার বিষয়েও জোর দেন তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। প্রথম দিনের আলোচনা শেষে কুশনার একে গঠনমূলক বলে আশাবাদ প্রকাশ করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বৈঠককে ‘খুবই ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন।

আবুধাবির ত্রিপক্ষীয় বৈঠকের আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলাদা বৈঠক হয়। এতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরাও অংশ নেন।