গাজা, বাড়ির ছাদ, ইসরাইলি ড্রোন, ফিলিস্তিনি,
গাজায় ড্রোন হামলার পরের একটি দৃশ্য। আনদুলু

গাজার পশ্চিমাঞ্চলে বাড়ির ছাদে পানি ভরার সময় ইসরাইলি ড্রোনের ক্ষেপণাস্ত্র হামলায় ৪৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আহত হয়েছেন আরো কয়েকজন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরাইলের ধারাবাহিক হামলার মধ্যে এ ঘটনা ঘটল।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১১ নভেম্বর) জানায়, নিহত ব্যক্তির নাম হানি আল-খুদারি। গাজা সিটির পশ্চিমাঞ্চলে শেখ রাদওয়ান কবরস্থানের কাছে নিজের বাড়ির ছাদে ছিলেন তিনি। চিকিৎসা সূত্র জানায়, ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন হানি। পরে আল-শিফা হাসপাতালে তার লাশ নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে পানি ভরছিলেন হানি। এ সময় ইসরাইলি ড্রোন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তাকে আঘাত করে। এতে তিনি নিহত হন। হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করে চলেছে। এসব হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬১৪ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৪৯ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে এ পর্যন্ত ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭৬ হাজার আহত হয়েছেন। নিহত ও আহতদের বেশির ভাগই নারী ও শিশু। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।