লিনা আত্তালাহ
লিনা আত্তালাহ । সংগৃহীত ছবি

মিসরের স্বাধীন সংবাদমাধ্যম ‘মাদা মাসর’-এর প্রধান ও বিশিষ্ট সাংবাদিক লিনা আত্তালাহ বুধবার (১১ নভেম্বর) দেশটির একটি ফৌজদারি আদালতে হাজির হতে যাচ্ছেন। তার বিরুদ্ধে চলমান মামলায় কারাদণ্ডের আশঙ্কা রয়েছে। এ বিচারকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা তৈরি হয়েছে।

Advertisement

এর আগে, ২০২৪ সালে তার অনুপস্থিতিতে একটি আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন। তবে ওই রায়ের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। লাইসেন্স ছাড়া সংবাদ ওয়েবসাইট পরিচালনা এবং ‘মিথ্যা সংবাদ প্রকাশের’ অভিযোগে তাকে এ সাজা দেয়া হয়। 

মিসরে সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে প্রায়ই এ ধরনের অভিযোগ আনা হয়ে থাকে।

মঙ্গলবার জাতিসঙ্ঘ মিসরে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান আক্রমণের সমালোচনা করেছে। সংস্থাটি বলেছে, স্বাধীন সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা, তাদের বিরুদ্ধে মামলা দায়ের এবং হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

সম্প্রতি পৃথক একটি মামলায় দ্রুত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাকে আটক করা হয়েছিল। একই ধরনের অভিযোগে করা ওই মামলায় তাকে ৩০ লাখ মিসরীয় পাউন্ড (প্রায় ৫৬ হাজার ডলার) জরিমানা করা হয়। আটক থেকে মুক্তি পাওয়ার পর গত মাসে তিনি প্রথম জানতে পারেন, ২০২৪ সালে তার অনুপস্থিতিতে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র থামিন আল-খিতান বলেন, আতাল্লাহর বিরুদ্ধে এই বিচারপ্রক্রিয়া যথাযথ আইনি প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার বিষয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পৃথক ওই মামলায় আদালত মিসরের অন্যতম প্রধান স্বাধীন সংবাদমাধ্যম ‘মাদা মাসর’ বন্ধেরও নির্দেশ দিয়েছেন। এক দশকের বেশি সময় ধরে দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর দমন-পীড়ন চললেও প্রতিষ্ঠানটি এত দিন টিকে ছিল।

স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত হচ্ছে
মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিসর। গত এক দশকে দেশটিতে ভিন্নমত প্রকাশের সুযোগ প্রায় সম্পূর্ণ সংকুচিত হয়ে পড়েছে।

বিচারের আগে বার্তাসংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে লিনা আত্তালাহ বলেন, মিসর সরকার স্বাধীন সংবাদমাধ্যমের জন্য আগে থেকেই সীমিত যে পরিসর রয়েছে, সেটিও আরো সংকুচিত করার চেষ্টা করছে। এর ফলে শেষ পর্যন্ত শুধু ‘নীরবতাই’ অবশিষ্ট থাকবে।

তিনি জানান, মাদা মাসর গত আট বছর ধরে বারবার সংবাদমাধ্যম পরিচালনার লাইসেন্সের জন্য আবেদন করেছে। কিন্তু বছরের পর বছর এসব আবেদনের কোনো জবাব দেয়া হয়নি।

আত্তালাহ বলেন, ‘আমরা নিয়ন্ত্রণব্যবস্থার বিরোধী নই। আমাদের আপত্তি তখনই, যখন লাইসেন্স দেয়ার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ ও কাউকে বাদ দেয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।’

সাংবাদিকদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন মিসরে চলমান দমন-পীড়নকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছে।

গত সেপ্টেম্বরে তথ্য যাচাইবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘মাতসাদাশ’-এর পুরো সংবাদকক্ষের কর্মীদের গ্রেফতারের পর পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে ওঠে।

গ্রেফতার হওয়া ছয় সাংবাদিক এখনো বিচার শুরুর আগেই কারাগারে আটক রয়েছেন। তাদের আটকাদেশ কয়েক দফা বাড়ানো হয়েছে। জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের অভিযোগ অনুযায়ী, তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং জোর করে মিথ্যা স্বীকারোক্তি রেকর্ড করানো হয়েছে।

জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এসব সাংবাদিককে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন।

মিসরের এ দমন-পীড়নের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ১৩৫টি মানবাধিকার ও গণমাধ্যমবিষয়ক সংগঠন। এসব সংগঠনের মধ্যে সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং হিউম্যান রাইটস ওয়াচও রয়েছে।

সিপিজের আঞ্চলিক পরিচালক সারা কুদাহ বলেন, ‘মিসরীয় কর্তৃপক্ষকে অবিলম্বে এই দমন-পীড়ন বন্ধ করতে হবে, মাদা মাসরের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সংবিধানে দেয়া সুরক্ষা বজায় রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘মিসরের সাথে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আমরা এসব দাবি স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানাচ্ছি।’

সূত্র : বাসস