
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় একটি পানি নিষ্কাশন অবকাঠামো মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানির অনুমতি দেয়নি ইসরাইল। এতে ভারী বৃষ্টির পানি উপচে পড়ে বন্যা ও রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামাসের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরাইল গাজার পানি অবকাঠামো এবং পানি পাম্প করার কাজে ব্যবহৃত যানবাহনগুলো ধ্বংস করে দিয়েছে। এই যুদ্ধের ফলে গাজার ২০ লাখেরও বেশি বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছেন এবং পুরো এলাকাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে সেখানকার অধিকাংশ মানুষ তাঁবুতে বসবাস করছেন।
ইউনিসেফের জেমস এল্ডার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলোর মধ্যে একটি হলো গাজা শহরের ‘শেখ রাদওয়ান স্টর্মওয়াটার বেসিন’ (বৃষ্টির পানি নিষ্কাশন অবকাঠামো)। বর্তমানে এটি পয়ঃনিষ্কাশন বর্জ্যে দূষিত হয়ে পড়েছে এবং ভারী বৃষ্টিপাত হলে এটি উপচে পড়ার ঝুঁকিতে রয়েছে।
তিনি আরো জানান, এটি মেরামতের জন্য ৩০ লাখ ডলারের একটি পরিকল্পনা নিয়ে তারা গত এক বছর ধরে ইসরাইলি কর্তৃপক্ষ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর সাথে কাজ করছিলেন। কিন্তু গাজায় মানবিক বিষয়গুলোর তদারকিতে নিয়োজিত ইসরাইলি সামরিক সংস্থা ‘কোগ্যাট’ প্রকল্পটি প্রত্যাখ্যান করেছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিষাক্ত নর্দমার বর্জ্য গাজা শহরের রাস্তাঘাট ও তাঁবুগুলোর ভেতর ঢুকে পড়তে পারে, যার ফলে পরিবারগুলো আবারো তাদের অস্থায়ী আবাস ছাড়তে বাধ্য হবে এবং রোগব্যাধির ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাবে। তাই আমরা কিছুটা হতবাক। শিশু-কিশোরদের জন্য প্রাণঘাতী হতে পারে এমন পরিস্থিতি। এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য। আসুন আমরা প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করি।’
এল্ডার জানান, নিরাপত্তার কারণ দেখিয়েছে প্রকল্পটি আটকে দিয়েছে ইসরাইল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার জানান, বন্যা, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অপর্যাপ্ত স্বাস্থ্য ও পানি পরিষেবার কারণে গাজায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার বড় ঝুঁকি রয়েছে। গাজাজুড়ে প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ এখন মাঝারি থেকে উচ্চ মাত্রার বন্যা ঝুঁকির মুখে রয়েছে।
এই সপ্তাহে ভারী বৃষ্টিপাতের ফলে গাজাজুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। একটি ঘটনায় বালির বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ে চারজন নিহত হন, যাদের মধ্যে তিন শিশুও ছিল।
গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিতে গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছিল। তবে হামাসের নিরস্ত্রীকরণ অথবা ইসরাইলের সৈন্য প্রত্যাহারের শর্তাবলি নিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ ক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে।
সূত্র : রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








