ইরান
বিশাল ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি। সংগৃহীত

আবার কোনো আক্রমণের শিকার হলে মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) মেজর জেনারেল আব্দুল্লাহি। তিনি বলেন, 'শত্রু যদি আমাদের বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ নেয়, তবে আমাদের জবাব এই অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে।'

Advertisement

১০ নভেম্বর ২০২৬-এ প্রকাশিত ফুটেজে আইআরজিসির মেজর জেনারেল আলী আব্দুল্লাহি এবং ব্রিগেডিয়ার জেনারেল সায়্যেদ মাজিদ মুসাভিকে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা যায়।

মঙ্গলবার ইরান তার একটি নতুন 'মিসাইল সিটি' উন্মোচনের দাবি করেছে। আইআরজিসি এই ভূগর্ভস্থ কেন্দ্রটি প্রদর্শন করে, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সেগুলোর উৎক্ষেপণ যানবাহন (লঞ্চার) সাজানো ছিল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুলরহমান আল সানির বৈঠকের সময়ই ইরান এই প্রদর্শন করল।

ইরানের তাসনিম নিউজ এজেন্সিতে প্রদর্শিত এই ঘাঁটিটি একদম নতুন কি না তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আব্দুল্লাহি এবং আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি সুবিধাটি পরিদর্শন করেন। উল্লেখ্য, অ্যারোস্পেস ফোর্সের পূর্ববর্তী কমান্ডার আমির আলী হাজিজাদেহ ২০২৫ সালে ইসরাইলের সাথে সংঘাত চলাকালে নিহত হন।

রুডো-এর তথ্য অনুযায়ী আব্দুল্লাহি বলেন, 'উন্নত ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলে শত্রুদের চমকে দেবে।' ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আব্দুল্লাহি সতর্ক করে বলেছেন যে ইরান যদি আবারও হামলার শিকার হয় তবে মধ্যপ্রাচ্যের বাইরে গিয়েও প্রতিশোধ নেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, 'শত্রু যদি আমাদের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নেয়, তবে আমাদের জবাব আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে।'

বুস্টার ও ওয়ারহেডসহ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শহর

বিভিন্ন সংবাদ ও গোয়েন্দা সংস্থা ইরানের প্রদর্শিত চিত্রগুলো বিশ্লেষণ করেছে। 'ওসিন্ট৬১৩' উল্লেখ করেছে, 'ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরটিতে ফাতাহ-১ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারিবদ্ধভাবে সাজানো দেখা গেছে। বুস্টার ও ওয়ারহেড যুক্ত সম্পূর্নাঙ্গ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পৃথকভাবে প্রদর্শিত ম্যানুভারিং রিয়েন্ট্রি ভেহিক্যালও (এমআরভি) পর্যবেক্ষণ করা হয়েছে।'

প্রতিরক্ষা বিশেষজ্ঞ তাল ইনবার অনলাইনে ইরানি চিত্র ও ক্ষেপণাস্ত্রগুলো বিশ্লেষণ করে মন্তব্য করেন, 'ইরানি খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের জন্য এটি একটি ম্যানুভারেবল রিয়েন্ট্রি ভেহিক্যাল। মনে হচ্ছে এটি ফাতাহ-১ এর জন্য তৈরি করা হয়েছিল—যা ইরান প্রকাশিত নতুন ভিডিওর একটি ফ্রেম থেকে স্পষ্ট।'

তিনি আরো যোগ করেন, 'ভূগর্ভস্থ এই 'মিসাইল সিটি'তে সাধারণ কনিকাল রিয়েন্ট্রি ভেহিক্যাল সংবলিত কিছু পুরনো ক্ষেপণাস্ত্রও ছিল।'

এই ভূগর্ভস্থ শহরে বাণিজ্যিক ট্রাকও দেখা গেছে, যা সাধারণত বেসামরিক নাগরিকরা মালামাল পরিবহনে ব্যবহার করে। তবে ট্রাকটির পেছনের অংশে একটি ক্ষেপণাস্ত্র স্থাপন করা রয়েছে। এই কৌশলটি ক্ষেপণাস্ত্রকে ঢেকে রাখে, ফলে সাধারণ বেসামরিক যানবাহন হিসেবে ট্রাকটিকে ছদ্মবেশ ধারণ করার সুযোগ দেয়। প্রয়োজন অনুযায়ী ট্রাকের পেছন থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পজিশনে তুলে ধরা সম্ভব।

ইরান এ শহরটি উন্মোচন করেছে একটি সহজ কারণে : দেশটি দেখাতে চায় যে, মার্কিন ও ইসরাইলি বিমান হামলা সত্ত্বেও তারা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বজায় রেখেছে। গত মার্চ মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন : '২০ দিন পর আমি আপনাদের বলতে পারি—আজকের ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই।'

ধ্বংস হয়নি লঞ্চ সাইট, যুদ্ধ শেষে খনন করে বের করা হচ্ছে সরঞ্জাম

ইরান বছরের পর বছর ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং উৎক্ষেপণ স্থান তৈরি করে আসছে। এগুলো 'মিসাইল সিটি' নামে পরিচিত, যা সংঘাতের সময় অস্ত্রাগার রক্ষা করতে এবং টানা সামরিক অপারেশন চালিয়ে যেতে সহায়তা করে। ইরান যুদ্ধের সময় ও পরে অনেকেই দাবি করেছিলেন, ইরানের মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে দেখা গেছে, সেগুলোকে 'ধ্বংস' করার অর্থ ছিল মূলত ধ্বংসস্তূপের নিচে পুঁতে রাখা। ইরান শেষ পর্যন্ত সেগুলো মাটি খুঁড়ে বের করতে সক্ষম হয়েছে।

ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোর এটিই বড় সুবিধা : এগুলো মাটির অনেক গভীরে তৈরি হওয়ায় ধ্বংস করা অত্যন্ত কঠিন।

আইআরজিসি-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি রবিবার জানান, ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন প্রক্রিয়া ভূগর্ভস্থ কমপ্লেক্সগুলোতে স্থানান্তরিত করেছে।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী মোহেব্বি বলেন, আইআরজিসি কেবল ভূগর্ভস্থ গুদাম তৈরির গণ্ডিতে থেমে নেই, তারা মাটির অনেক গভীরে 'মিসাইল প্রোডাকশন সিটি' বা উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে। তিনি দাবি করেন, ইরানের নিজস্ব প্রযুক্তি এবং নমনীয় উৎপাদন অবকাঠামো ভারী বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করবে।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ইসরাইল ও আমেরিকার বারবার চালানো বিমান হামলার পর তেহরানের পক্ষ থেকে এই দাবিগুলো এলো। ২০২৫ সালের সংঘাতের সময় ইসরাইল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, গুদাম এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। 

২০২৬ সালের ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, যুদ্ধ চলাকালে ক্ষতিগ্রস্ত হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ইরান মেরামত করছে এবং স্পর্শকাতর সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো শক্তিশালী বা গোপন করার চেষ্টা চালাচ্ছে।

অতএব, এই নতুন ভূগর্ভস্থ ঘাঁটিটি স্পষ্ট করে যে ইরান একটি স্পষ্ট বার্তা দিতে চায়—তাদের কাছে এখনো ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে এখনো আশাবাদী, আর ইরানও সেই একই ভাবনায় অংশীদার হতে চাইছে।

সূত্র : জেরুসালেম পোস্ট