কুয়েত, উন্নত সামরিক সদর দফতর, জিসিসি, সেনা মোতায়েন, সিদ্ধান্ত,
রিয়াদে জিসিসির শীর্ষ বৈঠকের দৃশ্য। দ্য এক্সপ্রেস ট্রিবিউন

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) কুয়েতে তাদের ঐক্যবদ্ধ সামরিক কমান্ডের জন্য উন্নত সদর দফতর প্রতিষ্ঠা এবং সেখানে প্রয়োজনীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া জিসিসির মহাসচিবের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

Advertisement

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (১০ নভেম্বর) জানায়, বাহরাইনে জিসিসির যৌথ প্রতিরক্ষা পরিষদের ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে পরিষদের সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। তবে নতুন সদর দফতরের  কাঠামো কিংবা সেখানে কী পরিমাণ সেনা মোতায়েন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০১৩ সালের ডিসেম্বরে কুয়েতে অনুষ্ঠিত এক সম্মেলনে জিসিসি ঐক্যবদ্ধ সামরিক কমান্ড প্রতিষ্ঠা করে। সদস্য দেশগুলোর যৌথ সামরিক অভিযান পরিচালনা ও পরিকল্পনা এবং তাদের ভূখণ্ড, আকাশসীমা, জলসীমা ও স্বার্থের ওপর সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য।

উপসাগরীয় আরব দেশগুলোর অধিকাংশেই যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এসব দেশ বারবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।

যুদ্ধের কারণে আকাশপথে যাত্রী চলাচল ও নৌপরিবহন ব্যাহত হয়েছে। একই সাথে অঞ্চলটির গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানির নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে।