
সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর হাউছিদের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় শুক্রবার (৩০ অক্টোবর) তেলের দাম বেড়েছে।
গ্রিনিচ মান সময় রাত ১টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা ০ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে।
উভয় বেঞ্চমার্কই টানা চতুর্থ মাসের মতো দর বৃদ্ধির পথে রয়েছে। অক্টোবরে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইয়েমেনের হাউছি গোষ্ঠী সৌদি আরবের আরামকোসহ বেশ কয়েকটি জ্বালানি স্থাপনায় হামলা চালানোর দাবি করার পরপরই তেলের দাম বেড়ে যায়।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালীর দক্ষিণে একটি অননুমোদিত পথ ব্যবহারের সময় সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি ট্যাঙ্কারে আগুন ধরে গেছে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








