
তুরস্ক ও মিসরের প্রতিরক্ষা সম্পর্ক উন্নত হওয়ার ধারায় এক সরকারি সফরে কায়রো পৌঁছেছেন দেশটির স্থল বাহিনীর প্রধান জেনারেল মেতিন তোকেল।
মিডলইস্ট মনিটর (২৭ অক্টোবর) জানায়, মিসরে এক সরকারি সফরে কায়রো পৌঁছেছেন তুরস্কের স্থল বাহিনীর প্রধান জেনারেল মেতিন তোকেল। কায়রো পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান মিসরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সালিহ মুতলু সেন। ইস্ট কায়রো মিলিটারি বিমানবন্দরে তিনি তাঁকে গ্রহণ করেন। তবে এই সফরের সুনির্দিষ্ট কর্মসূচি বা মিসরীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের সময়সূচি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার প্রয়াস দৃশ্যমান। প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক নানা বিষয়ে সমন্বয় বাড়াতে পদক্ষেপ নিচ্ছে উভয় পক্ষ।
চলতি বছরের জুনে মিসরের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফট্যানেন্ট জেনারেল আহমেদ খলিফা সাক্ষাৎ করেন তুরস্কের সমকক্ষ কর্মকর্তা জেনারেল সেলচুক বায়রাকতারোগলুর সাথে। বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি ও কাজের অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন উপায় নিয়ে কথা হয়। ওই সময় দুই দেশের সামরিক যৌথ কমিটির পঞ্চম বৈঠকের চূড়ান্ত প্রোটোকল সই করা হয়েছিল। দুই বাহিনীর মধ্যে ঘনিষ্ঠতা ও মেলবন্ধন বাড়াতে বেশ কিছু কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল সেই চুক্তিতে।
এরপর জুলাই মাসে তুরস্কে সফরে যান মিসরের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ও প্রতিরক্ষামন্ত্রী লেফট্যানেন্ট জেনারেল আশরাফ সালেম জাহের। সেখানে তিনি সামরিক সম্পর্ক প্রসার ও যৌথ তৎপরতা নিয়ে তুরস্কের ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করেন।
রাজনৈতিক টানাপোড়েনের ইতি ঘটা ও নতুন করে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পর থেকেই মিসর ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের এই সফরগুলো গতি পেয়েছে। এতে বোঝা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ দেশ এখন প্রতিরক্ষা বন্ধন আরও জোরদার করতে অত্যন্ত আগ্রহী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








