অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরন
অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরন। সংগৃহীত ছবি

ফিলিস্তিনি বন্দুকধারীদের চালানো গত সপ্তাহের প্রাণঘাতী হামলার পর হেবরনে ইসরাইলের সামরিক অভিযানে তিন সহস্রাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

Advertisement

অধিকৃত পশ্চিম তীরের বৃহত্তম শহর হেবরনের পৌরসভা এক বিবৃতিতে জানায়, শনিবার শুরু হওয়া চলমান অভিযানে তিন হাজার ১৮৯ জন বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে ২০০ জনের বেশি শিশু।

মঙ্গলবার ইসরাইলের নির্বাচন। এর কয়েক দিন আগে শুক্রবার শহরের কাছে একটি চেকপোস্টে হামলা চালিয়ে দুই ইসরাইলি সেনাকে হত্যা করে দুই ফিলিস্তিনি বন্দুকধারী।

হামলার পরপরই পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্দুকযুদ্ধে ওই দুই হামলাকারী নিহত হলে ঘটনাটির অবসান ঘটে।

ইসরাইলি সেনারা হামলাকারী দুই ব্যক্তির বসবাসের এলাকা আইন দেইর বাহায় প্রবেশ করেন। সেখানে বাসিন্দাদের জিনিসপত্র গুছিয়ে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

বার্তাসংস্থা এএফপির ছবিতে দেখা গেছে, রোববার হেবরনের একটি সড়ক দিয়ে ইসরাইলি সেনাদের সাথে সামরিক ও পুলিশ বাহিনীর যানবাহনের একটি বহর এগিয়ে যাচ্ছে। সড়কটিতে পার্ক করে রাখা গাড়ি ও মোটরসাইকেলের কারণে বেসামরিক যান চলাচল বন্ধ ছিল।

সূত্র : বাসস