
সৌদি আরবকে রক্ষায় দেশটির সামরিক বাহিনীকে সহায়তার অনুমোদন দিয়েছে মিসরের সংসদ। এর ফলে ইয়েমেনের হাউছি বিদ্রোহী ও উপসাগরীয় দেশ সৌদি আরবের মধ্যকার সংঘাতে সরাসরি জড়িয়ে পড়তে পারে কায়রো।
আল জাজিরা সোমবার (২৬ অক্টোবর) জানায়, গত সপ্তাহে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি উপসাগরীয় মিত্র সৌদি আরবকে হাউছিদের হামলা থেকে রক্ষায় সংসদের অনুমোদন চান। হাউছিদের অগ্রযাত্রায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীও হুমকির মুখে পড়েছে। এই প্রণালী দিয়ে সুয়েজ খালে প্রবেশ করা যায়। সুয়েজ খাল মিসরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরের সামরিক বাহিনীও এ অঞ্চলের অন্যতম বৃহৎ। ২০১৫ সালের মার্চে ইয়েমেনের যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছিল দেশটি। তখন মূলত নৌবাহিনীর মাধ্যমে জোটকে সহায়তা করে মিসর। পাশাপাশি প্রায় ৮০০ স্থলসেনাও মোতায়েন করেছিল। তবে যুদ্ধে তাদের সরাসরি অংশগ্রহণ ছিল সীমিত।
১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর থেকে বিদেশে বড় আকারে স্থলসেনা মোতায়েন করেনি মিসর। সৌদি আরবকে সামরিক সহায়তা দেয়ার নতুন অনুমোদন তাই দেশটির দীর্ঘদিনের সামরিক অবস্থানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








