
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ থাকার পর রোববার (২৫ অক্টোবর) আবার চালু হয়েছে। তবে বিমানবন্দর খুললেও স্বাভাবিক হয়নি উড়োজাহাজ চলাচল। নির্ধারিত অধিকাংশ ফ্লাইট এখনো বাতিল রয়েছে। ফলে বিমানবন্দরটি কার্যত অচল অবস্থায় রয়েছে।
গালফ টাইমস সোমবার (২৬ অক্টোবর) জানায়, বিমান চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সৌদি আরব থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন ১৭ হাজার ২৯৯টি ফ্লাইটের মধ্যে ৭ হাজার ৮০২টি বাতিল হয়েছে অথবা উড্ডয়ন করেনি। অর্থাৎ এ সময়ে নির্ধারিত মোট ফ্লাইটের ৪৫ দশমিক ১ শতাংশ চলাচল করতে পারেনি।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে নির্ধারিত ফ্লাইটের প্রায় ৮৬ শতাংশ চলাচল ব্যাহত হয়েছে।
সৌদি রাজধানীতে হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে বিমানবন্দরটি বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। রোববার সকালে রিয়াদের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রাজধানী লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করেছে। এরপর খামিস মুশাইত লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার কথা জানায় জোটটি।
ইয়েমেনের হাউছি আন্দোলন সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার দাবি করেছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, এসব ঘটনার মধ্যে দুইজন আহত হয়েছেন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি ও ফ্লাইট চলাচলে অনিশ্চয়তার কারণে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে বলা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








