ইরানের পতাকা
ইরানের পতাকা। সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক পদক্ষেপ নেয়া হলেও তার বিপরীতে ‘বহুগুণ বড়’ প্রতিক্রিয়া দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৪ অক্টোবর) সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী যেকোনো পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

Advertisement

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি ‘শত্রুতাপূর্ণ বাগাড়ম্বরকে’ মূলত গণমাধ্যমের জন্য করা মন্তব্য বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, যারা হুমকি দিচ্ছে, বর্তমান পরিস্থিতিতে কার্যকর কোনো সামরিক অভিযান চালানোর সক্ষমতা তাদের নেই।

মোহেব্বি বলেন, ‘তারা অন্যদের চেয়ে ভালোভাবেই জানে যে, বর্তমান পরিস্থিতিতে তারা কোনো কার্যকর অভিযান চালাতে পারবে না এবং নিশ্চিতভাবেই নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।’

তিনি আরো বলেন, অতীতে নেয়া সামরিক পদক্ষেপগুলোর পুনরাবৃত্তি ঘটলে তার পরিণতি হবে পরাজয়।

মুখপাত্র বলেন, ‘শত্রু যদি সীমিত কোনো পদক্ষেপও নেয়, তবে ইরানের প্রতিক্রিয়া হবে বহুগুণ বড়; কারণ আমাদের সশস্ত্র বাহিনী বর্তমানে পূর্ণ প্রস্তুতি নিয়েছে এবং তাদের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে।’

এদিকে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, ওয়াশিংটন চাইলে এই সপ্তাহান্তেই ইরানের ওপর হামলা চালাতে পারে। 

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার রাষ্ট্রদূতের উত্থাপিত এই সম্ভাবনা সম্পর্কে তিনি কিছুই জানেন না।

এছাড়াও মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ওয়াশিংটন ও ইসরাইল মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে।

গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যকার সংঘাত এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। যদিও একটি যুদ্ধবিরতি চুক্তি এবং শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু হরমুজ প্রণালীতে নৌচলাচল-সংক্রান্ত মতপার্থক্যের কারণে তা এখনো অমীমাংসিত রয়ে গেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি