উজবেকিস্তান, ইমাম বুখারি রহ:, সমরকন্দ
ইমাম বুখারির কবরে তুর্কি ফার্স্ট লেডির আধ্যাত্মিক সফরের কিছু দৃশ্য। সংগৃহীত

উজবেকিস্তানের সমরকন্দ শহরে অবস্থিত প্রখ্যাত হাদীস বিশারদ ইমাম বুখারি রহ:-এর কবর জিয়ারত ও সেখানে দোয়া করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের স্ত্রী এমিনে এরদোগান।

Advertisement

শহরটিতে ‘শিশুদের কল্যাণে বিনিয়োগ: ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথ’ শীর্ষক একটি বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি ইমাম বুখারির স্মৃতিসৌধ কমপ্লেক্স জেয়ারত করেন।

এ সময় এমিনে এরদোগান কমপ্লেক্সে অবস্থিত ইমাম বুখারি রহ:-এর কবর পরিদর্শন করেন এবং সেখানে দোয়া করেন। পরে তিনি কমপ্লেক্সের জাদুঘর ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত নিদর্শন ও ঐতিহাসিক সামগ্রী সম্পর্কে জানেন। এ ছাড়া ইমাম বুখারির জীবন সম্পর্কেও তাকে বিস্তারিত জানানো হয়।

এ সফরে তার সাথে ছিলেন নুন শিক্ষা ও সংস্কৃতি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতি ড. এসরা আলবায়রাক, উজবেকিস্তানের প্রেসিডেন্টের স্ত্রী জিরোয়াত মিরজিয়োয়েভা, লেবাননের প্রেসিডেন্টের স্ত্রী নেমাত আউন, কিরগিজস্তানের প্রেসিডেন্টের স্ত্রী আইগুল জাপারোভা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মেয়ে আয়েশা হারুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এমিনে এরদোগান জানান, সমরকন্দের ইমাম বুখারির স্মৃতিসৌধ কমপ্লেক্সে তারা এক আধ্যাত্মিক সফর করেছেন। হাদীসশাস্ত্রে জীবন উৎসর্গ করা মহান এই মনীষীর স্মৃতিবিজড়িত স্থানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তারা কাছ থেকে উপলব্ধি করেছেন।

উল্লেখ্য, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভের তত্ত্বাবধানে পাঁচ বছর ধরে পরিচালিত একটি প্রকল্পের আওতায় ইমাম বুখারির সমাধিসৌধটি নতুন করে সংস্কার করা হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি ও তুর্কিয়া আজিল