
মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে হামলার আশঙ্কায় এ অঞ্চলের ১২টি দেশে নিজেদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইল, সৌদি আরব ও ইরানসহ এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ওয়াশিংটন। সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়লে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
ইউরো নিউজ মঙ্গলবার (২০ অক্টোবর) জানায়, সোমবার মধ্যপ্রাচ্যের সব মার্কিন দূতাবাস থেকে একই ধরনের নিরাপত্তা সতর্কবার্তা দেয়া হয়। এতে ইসরাইল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ইয়েমেনের হাউছি ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। এর ফলে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। এমন পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই বিকল্প পরিকল্পনা তৈরি রাখার পরামর্শও দেয়া হয়েছে।
১২টি দেশের জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক সংঘাতের এলাকার বাইরেও পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে পারে।’
সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ‘ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে পারে। বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের সাথে সংশ্লিষ্ট স্থাপনা, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানও তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








