
ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি সেনা প্রশিক্ষণ শিবিরে ইরান-সমর্থিত হাউছিদের হামলায় ৫৮ জন নিহত এবং আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রদেশটির গভর্নর আওয়াদ আল-ওয়াজির এতথ্য জানিয়েছেন।
তিনি জানান, আল-আলম শিবিরে এ হামলা চালানো হয়। হামলার পর থেকে ১৪ জন নিখোঁজ রয়েছেন।
গত সেপ্টেম্বর মাসে বাব আল-মানদেব প্রণালীর কাছাকাছি এলাকাগুলোর দিকে হাউছিদের অগ্রসর হওয়ার পর থেকেই তাদের সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের (যাকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন দেয়) পাল্টাপাল্টি হামলা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ মহড়া চলাকালে হাউছিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এদিকে হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, তারা এই প্রশিক্ষণ শিবিরটিকে লক্ষ্যবস্তু করেছিলেন। শিবিরটি সৌদি বাহিনীর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল।
তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
ইয়েমেনের দক্ষিণ-মধ্যাঞ্চলের উপকূলীয় প্রদেশ শাবওয়া জ্বালানি সম্পদে সমৃদ্ধ। এডেন উপসাগরের তীরে অবস্থিত এই প্রদেশেই রয়েছে ‘বালহাফ’ তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র, যা ইয়েমেনের বৃহত্তম শিল্প বিনিয়োগ।
সূত্র : রয়টার্স
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








