হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালী। সংগৃহীত

ইরানের বিপ্লবী গার্ড সোমবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি মাইন বিস্ফোরণের পর একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগে যায়।

Advertisement

নৌপথটির ওপর তেহরানের নিয়ন্ত্রণ কঠোর করার পর এটিই এ ধরনের সর্বশেষ ঘটনা।

ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে ইরান প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়, ফলে গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ হয়ে যায়, যেটি দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।

ইরান দাবি করেছে, সকল জাহাজকে ট্রানজিট করার পূর্বে এর অনুমোদন নিতে হবে।

বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, ‘নিয়ম লঙ্ঘনকারী একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালীর দক্ষিণে একটি নৌ-মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় সেটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ ও আগুন লেগে যায়।’

বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকারটি প্রণালীটির ‘অননুমোদিত দক্ষিণ পথ’ দিয়ে যাচ্ছিল এবং এর অবস্থান নির্ণয় ও দিকনির্দেশনা ব্যবস্থা অচল করে দিয়েছিল।

বিপ্লবী গার্ডের ভাষ্যমতে, প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগে যাওয়ার এক দিন পর এই ঘটনাটি ঘটল। দুটি ট্যাংকারই মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

চলতি সপ্তাহে বিপ্লবী গার্ড নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলি ওজমাঈ সতর্ক করেছেন, কোনো জাহাজ তার নেভিগেশন সিস্টেম নিষ্ক্রিয় করলে সেটিকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে গণ্য করা হবে।

নৌপথে তেহরানের অবরোধের জবাবে যুক্তরাষ্ট্র ইরানের তেল রফতানির ওপর একটি পাল্টা নৌ অবরোধ আরোপ করেছে।
সূত্র : বাসস