
অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের ওপর হামলা চালিয়েছে মুখোশধারী ইসরাইলি বসতিস্থাপনকারীরা।
রোববার (১৮ অক্টোবর) বিবিসি জানায়, বেলজিয়াম তাদের কনসাল জেনারেল ও অন্যান্য প্রতিনিধি দলের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ইসরাইলি সামরিক বাহিনীও (আইডিএফ) এই সহিংসতাকে 'গুরুতর সহিংস কাজ' আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে এবং বিষয়টি তদন্তের কথা বলেছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ঘটনাটি নিয়ে সংশয় প্রকাশ করেছে। তাদের দাবি, ইসরাইলকে হেয় করার কোনো সুসংগঠিত প্রচারণার অংশ হতে পারে এই অভিযোগ।
এই হামলার ঠিক আগের দিনই পশ্চিম তীরের অন্য একটি গ্রামে বসতিস্থাপনকারীদের পৃথক হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হাইডি লেভিন আহত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেভিনের ওপর হামলাকে 'উদ্বেগজনক' বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এটিকে 'মুখোশধারী কাপুরুষদের চালানো জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড' বলে আখ্যা দেন এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
রামাল্লার কাছে প্রধানত খ্রিস্টান-অধ্যুষিত তাইবেহ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। জয়তুন সংগ্রহ করতে গিয়ে ফিলিস্তিনিরা যেভাবে প্রায় প্রতিদিন ইসরাইলি বসতিস্থাপনকারীদের আক্রমণের শিকার হচ্ছেন, মাঠপর্যায়ে সেই পরিস্থিতি দেখতে বেলজিয়াম, ফ্রান্স, পোল্যান্ড ও ক্যাথলিক গির্জার প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মুখোশধারীরা কূটনৈতিক বহরের পথরোধ করছে এবং ইটপাটকেল ছুড়ছে।
হামলায় বেলজিয়াম কনস্যুলেটের একটি গাড়ির কাচ ভেঙে যায় এবং ফ্রান্সের ওলনোয়া-এমেরির মেয়র বের্নার বোদু আহত হন। ৭০ বছর বয়সী এই ফরাসি প্রতিনিধি জানান, বসতিস্থাপনকারীরা তাকে লাথি মারে এবং লোহার রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এমন উন্মত্ত আচরণে গভীর বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা'আর ঘটনাটিকে 'উচ্ছৃঙ্খল ইসরাইলিদের কাজ' উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দেয়া হয়েছে। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি দেখে পুরো ঘটনা বোঝা যায় না। বর্তমানে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








