
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বুধবার (১৪ অক্টোবর) বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র ‘কৌশলগত নিঃসঙ্গতার’ মুখে পড়েছে।
তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ শুরু করার পেছনে যুক্তরাষ্ট্রের লক্ষ্য শুধু ইসলামী প্রজাতন্ত্রের সরকারকে উৎখাত করা নয়, বরং ইরানি-ইসলামী সভ্যতাকে ধ্বংস করা।
আকরামিনিয়া বলেন, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী এবং অন্যান্য দেশের সেনাবাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো—ইরানের সেনাবাহিনী ঐশী বিশ্বাস ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ। এ ক্ষেত্রে সেনাবাহিনীর আদর্শিক ও রাজনৈতিক সংগঠন আধ্যাত্মিক পরিবেশ ও চেতনা গঠনে কার্যকর ভূমিকা পালন করেছে।
সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের আগ্রাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরতে প্রতিপক্ষ যেসব মিথ্যা বয়ান তৈরি করে, সেগুলো প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে সমাজের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
মুখপাত্র বলেন, বিংশ শতাব্দীর শেষ দিকে সামরিক কৌশল ও আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় ‘সফট পাওয়ার’ বা কোমল শক্তির ধারণা গুরুত্ব পায়। এটি প্রচলিত সামরিক শক্তির পরিপূরক এবং সেই শক্তিকে আরো কার্যকর করে তোলে। তাই সেনাবাহিনীর সফট পাওয়ার গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি গ্রিসের অ্যাক্রোপলিসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি ইরানের সফট পাওয়ারের ভিত্তি দুর্বল করার জন্য প্রতিপক্ষের চলমান প্রচেষ্টার অংশ।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র আগে বলত যে তাদের বিরোধিতা কেবল ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থার বিরুদ্ধে, সভ্য ইরানি জনগণের বিরুদ্ধে নয়। কিন্তু রুবিওর সাম্প্রতিক বক্তব্য যুক্তরাষ্ট্রের সেই অবস্থানের মুখোশ উন্মোচন করেছে এবং দেশটির আধিপত্যবাদী মানসিকতা ও সভ্যতাবিরোধী চরিত্র প্রকাশ করেছে।
তিনি বলেন, ‘বর্তমান যুদ্ধ শুরু করার পেছনে মার্কিন শাসকদের লক্ষ্য ইরানি-ইসলামী সভ্যতাকে ধ্বংস করা; শুধু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারকে উৎখাত করা নয়।’
আকরামিনিয়া আরো বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা মনে করেছিলেন, ইসলামী বিপ্লবের নেতা ও সামরিক কমান্ডারদের শহীদ করার মাধ্যমে তারা ইরানের জনগণকে ভীতসন্ত্রস্ত করে আত্মসমর্পণে বাধ্য করতে পারবেন। কিন্তু ইরানের সচেতন ও সাহসী জনগণ ঐতিহাসিক দৃঢ়তা ও প্রতিরোধের মাধ্যমে প্রতিপক্ষকে বিস্মিত করেছে এবং তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








