
ইয়েমেনের তাইজ প্রদেশে হাউছিদের গোলাবর্ষণে পাঁচ বছর বয়সী এক শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে হাউছিরা হুঁশিয়ারি দিয়েছে, তাদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানায় হামলা হলে সৌদি আরবের রাজধানী রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক পাল্টা আঘাত হানা হবে।
ইয়েমেনের সরকারি টেলিভিশন চ্যানেল ইয়েমেন টিভির বরাতে তাইজ প্রদেশের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, প্রদেশজুড়ে হাউছিদের গোলাবর্ষণে ওই বেসামরিক নাগরিকেরা নিহত হন।
এদিকে, হাউছিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সানায় যেকোনো হামলার জবাব দেয়া হবে কঠোরভাবে। এ জন্য রিয়াদকে মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সানার একটি স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানানোর কিছুক্ষণ পরই হাউছিদের পক্ষ থেকে এ হুঁশিয়ারি এলো। তবে ওই স্থাপনাটি কী, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








