
ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর তাইজে অবরোধ আরো জোরদার করেছে হাউছি যোদ্ধারা। গত ২৪ ঘণ্টায় সেখানে সংঘর্ষে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) উভয় পক্ষের সামরিক সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
শহরটির নিয়ন্ত্রণে থাকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকারের অনুগত এক সামরিক সূত্র জানায়, হাউছিরা শহর থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে। এছাড়া গত রাতে তারা বেশ কয়েক বার হামলা চালিয়েছে।
ওই সূত্রের দাবি, এসব সংঘর্ষে সরকারপন্থী বাহিনীর ২২ সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে ইরান-সমর্থিত হাউছি আন্দোলনের সামরিক সূত্র জানিয়েছে, তাদের কমপক্ষে ৪০ যোদ্ধা নিহত হয়েছেন। তারা আরো যোদ্ধা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সামরিক সূত্রগুলো জানায়, সৌদি আরবের বিমান হামলার মুখেও তাইজ প্রদেশে লড়াই চালিয়ে যাচ্ছে হাউছিরা।
গত রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শহরটিতে ‘মানবিক বিপর্যয়ের’ আশঙ্কা প্রকাশ করে। মন্ত্রণালয় জানায়, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির মজুত ‘প্রায় শেষ হয়ে আসছে’।
তাইজ শহরটি লোহিত সাগরের উপকূল ও বাব আল-মানদেব প্রণালী থেকে অভ্যন্তরীণ এলাকায় অবস্থিত। গত মাসে দ্রুতগতির এক অভিযানে ওই প্রণালীর কাছে বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় হাউছিরা।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








