
ইসরাইলের আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগেই ইরানে আবারো হামলা শুরু করার নীলনকশা তৈরি করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলের চ্যানেল ১২ এ খবর দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এর সাথে সাংঘর্ষিক।
মিডলইস্ট মনিটর শুক্রবার (৯ অক্টোবর) জানায়, ট্রাম্প বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না ওয়াশিংটন।
চ্যানেল ১২ জানায়, ইসরাইলের সেনাপ্রধান আইয়াল জামির যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার সাথে আলোচনা করেছেন। এ সময় তিনি সতর্ক করে বলেন, ইরানে হামলা হলে ইসরাইলের নির্বাচন পিছিয়ে দিতে হতে পারে। তবে তাঁদের মধ্যে টেলিফোনে, নাকি সরাসরি আলোচনা হয়েছে, তা জানায়নি চ্যানেলটি।
আলোচনায় জামিরকে আগামী তিন সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে আবারো যুদ্ধ শুরুর সম্ভাব্য মার্কিন সামরিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয় বলেও জানিয়েছে চ্যানেলটি।
ইসরাইলি সেনাবাহিনীর আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে পাল্টা জবাব দেবে তেহরান। ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। তাতে দেশটির নির্বাচন পিছিয়ে দেয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জামির।
জামিরের সাথে মার্কিন কর্মকর্তাদের আলোচনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
চ্যানেল ১২ আরো জানায়, কয়েক দিন আগে পেন্টাগন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। তবে হামলা শুরুর কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
চ্যানেলটির বরাতে জানা গেছে, ইসরাইলের নির্বাচনের আগেই ইরানে হামলা শুরুর বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








