নিষেধাজ্ঞা, হুমকি,  হামলা,  ইরান, পারমাণবিক শিল্প, ইরান
প্রতীকী ছবি। সংগৃহীত

ইরানের পারমাণবিক শিল্পের ওপর ‘নিষেধাজ্ঞা, হুমকি ও হামলা’ সত্ত্বেও স্বাস্থ্য, কৃষি ও তেজস্ক্রিয় ওষুধ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।

Advertisement

ইরানের নূর নিউজ জানায়, ইসলামি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা চাপের পাশাপাশি দেশটির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগও তোলা হচ্ছে। অভিযোগকারীরা নিজেরাও জানেন, এসব অভিযোগ সত্য নয়। এরপরও আণবিক শক্তি সংস্থার কর্মীরা দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং জ্ঞান-বিজ্ঞানের অগ্রসীমায় দেশের অগ্রযাত্রা ধরে রেখেছেন।

ইরান বরাবরই বলে আসছে, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। দেশটির হাতে থাকা এবং দেশটি যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তা বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণাসহ বেসামরিক কাজে ব্যবহার করা হচ্ছে।

আণবিক শক্তি সংস্থার বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে ইসলামি বলেন, কৃষি ও খাদ্যপণ্যে বিকিরণ প্রযুক্তির ব্যবহার বাড়াতে তারা ব্যাপক কাজ করেছেন।

তিনি বলেন, বিকিরণ বা প্লাজমা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া বিভিন্ন পণ্য ও বীজে উৎপাদন বেড়েছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে ফলন অন্তত ৩০ শতাংশ বেড়েছে, আবার কোথাও তা ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ইরানের শিশু ক্যানসার নির্ণয় ও চিকিৎসার জন্য প্রথম একাডেমিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।