সাত মাস, ইরান-ইরাক, সরাসরি ফ্লাইট,  চালু,ইরাকিয়া এয়ারওয়েজ,
প্রতীকী বিমান। তাসনিম নিউজ অ্যাজেন্সি

সাত মাস বন্ধ থাকার পর ইরান-ইরাক সরাসরি ফ্লাইট আবার চালু হয়েছে। বৃহস্পতিবার থেকে নাজাফ-তেহরান রুটে প্রতিদিন ইরাকের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরাকিয়া এয়ারওয়েজের একটি করে ফ্লাইট চলবে। পাশাপাশি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরান ছাড়াও মাশহাদ ও ইসফাহানেও নিয়মিত দৈনিক ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে ইরাকের জাতীয় বিমান সংস্থাটি।

Advertisement

পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন বৃহস্পতিবার (৮ অক্টোবর) জানায়, ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএর তথ্য অনুযায়ী, বিমান চলাচলের প্রয়োজনীয় অনুমোদন ও কারিগরি শর্ত পূরণের পর প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ও পরিবহনমন্ত্রী ওয়াহাব আল-হাসানির উদ্যোগে ফ্লাইটগুলো আবার চালু করা হয়েছে। ইরাকিয়া এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নাজাফ থেকে ইমাম খোমেনি বিমানবন্দরে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৮টায় তেহরান থেকে নাজাফের উদ্দেশে ছেড়ে যায়।

তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইমাম খোমেনি বিমানবন্দরের পরিচালনা বিভাগের উপপরিচালক জাভাদ সালেহি আরতিমানি বলেছেন, নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন একটি করে ফ্লাইট তেহরান-নাজাফ রুটে যাত্রী পরিবহন করবে। তিনি বলেন, বিদেশি ফ্লাইট আবার চালু হওয়ায় ইমাম খোমেনি বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং বাড়বে। পরিস্থিতি অনুকূল হলে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আরো আন্তর্জাতিক রুট চালুর আশা করা হচ্ছে।

ইরাকিয়া এয়ারওয়েজ বলেছে, এসব রুট চালু হলে যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং আঞ্চলিক বিমান যোগাযোগে ইরাকের সংযোগ বাড়বে। বিশেষ করে ধর্মীয়, চিকিৎসা ও শিক্ষাসংক্রান্ত যাতায়াতে এর সুবিধা মিলবে। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর নিরাপত্তার কারণে মার্চের শুরুতে ইরাকিয়া এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ করা হয়েছিল। আঞ্চলিক সামরিক উত্তেজনা বাড়ার পর ইরাকও তার আকাশসীমা বন্ধ করে দেয়।