
ইয়েমেনের হাউছিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তারা এই দাবি করেছে।
এটি ইরান-সমর্থিত গোষ্ঠীটির পক্ষ থেকে সৌদি আরবে চলতি সপ্তাহে আরো একটি হামলার দাবি।
এর একদিন আগে হাউছিরা দাবি করেছিল যে তারা সৌদি আরবের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত হন।
একই সময়ে রিয়াদ-সমর্থিত ইয়েমেন সরকার হাউছিদের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান শুরুর ঘোষণা দেয়।
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশিভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হাউছিরা দেশটির গৃহযুদ্ধ জুলাই মাসে পুনরায় তীব্র হওয়ার পর থেকে ইয়েমেন সরকারের বিরুদ্ধে ভূখণ্ড দখলের লড়াই চালিয়ে যাচ্ছে।
হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী সফলভাবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।’
সারি আরো বলেন, আমরা আন্তর্জাতিক সব এয়ারলাইনকে সৌদি আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখার বিরুদ্ধে শেষবারের মতো আহ্বান ও সতর্কবার্তা জানাচ্ছি।
চলতি সপ্তাহে এটি হাউছিদের বিমানবন্দরটিতে হামলার তৃতীয় দফা দায় স্বীকার।
জাতিসঙ্ঘ বুধবার জানিয়েছে, চলমান লড়াইয়ের কারণে ইয়েমেনের অভ্যন্তরে দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








