
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আদেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার ভোরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানপন্থি হাউছিরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স (৭ অক্টোবর) জানায়, আদেনের নিরাপত্তা বিভাগের গণমাধ্যম দপ্তর এ হামলার কথা জানিয়েছে।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে কয়েক সপ্তাহ ধরে হাউছিদের অগ্রযাত্রার পর নতুন করে লড়াই শুরু হয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার পাল্টা অভিযান চালিয়ে কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীর আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে। জোটের বিমান হামলার সহায়তা নিয়ে ওই অভিযান চালানো হচ্ছে।
হাউছিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বিভিন্ন এলাকার জন্য আদেন বিমানবন্দরই প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার।
এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত শহরের দিকে ছোড়া হাউছিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করে ধ্বংস করেছে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।
জোটের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার হুমকিগুলো এসেছে হাউছিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানা এবং সাদা ও আমরান প্রদেশ থেকে।
জোটের ওই বিবৃতির পর হাউছিদের সাথে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন জানায়, সৌদি বাহিনী ইয়েমেনের মধ্যাঞ্চলের ইব ও তাইজ প্রদেশজুড়ে একটি এলাকায় হামলা চালিয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট তাৎক্ষণিকভাবে এ হামলার খবর নিশ্চিত করেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








