সৌদি আরব, দ্রুত সেনা মোতায়েন,  মক্কা প্রতিরক্ষা জোট, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক
জরুরি বৈঠকে অংশ নেয়া অতিথিদের যৌথ ছবি। দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সৌদি আরবের ওপর অব্যাহত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। চুক্তি অনুযায়ী তাদের সমন্বিত বাহিনী দ্রুত মোতায়েন করা হবে। রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত-রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির এক জরুরি বৈঠকে যৌথভাবে এ সিদ্ধান্ত হয়।

Advertisement

পাকিস্তানি ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার (৬ অক্টোবর) জানায়, বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ব্যক্ত করা হয়, তিন দেশ নিজেদের যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং নির্ধারিত সামরিক বাহিনী দ্রুত সৌদি ভূখণ্ডে পাঠাতে প্রয়োজনীয় আইনি ও সামরিক প্রস্তুতি নেবে। এতে করে যে কোনো হামলা মোকাবিলায় জোটের সমন্বিত সক্ষমতা ও প্রস্তুতি জোরদার হবে।

বৈঠকে পবিত্র মক্কা ও মদিনা শরীফ লক্ষ্য করে হামলার চেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর ও অর্থনৈতিক স্থাপনায় ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়। তিন দেশই স্পষ্ট জানিয়েছে, যেকোনো এক দেশের ওপর আক্রমণ পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।

এদিকে, জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। বৈঠকে যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বর্তমানে রিয়াদে অবস্থান করছেন।

এর আগে গত ৭ আগস্ট মক্কায় ঐতিহাসিক এই ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি বা এমজেডিএ সই করা হয়। সম্প্রতি মদিনা শরীফের বিদ্যুৎ কেন্দ্রে হাউছি বিদ্রোহীদের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে যৌথ নিরাপত্তা জোরদারে দেশ তিনটি এমন কঠোর পদক্ষেপ নিল।