ইসরাইলের সাবেক যুদ্ধ ও প্রধানমন্ত্রী এহুদ বারাক
এহুদ বারাক। সংগৃহীত ছবি

ইসরাইলের সাবেক যুদ্ধ ও প্রধানমন্ত্রী এহুদ বারাক ইরান নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর কথিত সাফল্যের দাবির কঠোরভাবে সমালোচনা করে বলেছেন, গত পাঁচ বছরেও ইরানকে এক পা পেছনে ঠেলতে পারেনি ইসরাইল।

Advertisement

পুনরায় যুদ্ধের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে উদ্বেগ রয়েছে এবং তা ভিত্তিহীন নয়। তবে নেতানিয়াহু ইসরাইলের স্বার্থের ভিত্তিতে নয়, বরং ক্ষমতায় নিজের টিকে থাকার স্বার্থেই সিদ্ধান্ত নেন।

বারাক আরো বলেন, নেতানিয়াহু কয়েক বছর ধরে বলে আসছেন, শুধু ইরান নয়, পশ্চিম তীর, গাজা ও লেবানন—সব ফ্রন্টেই হুমকি রয়েছে। এখনো এসব হুমকি বহাল রয়েছে। 

তিনি বলেন, এসব ফ্রন্টে সংঘাত উসকে দিতে নেতানিয়াহুর শুধু একটি দেশলাই কাঠিই যথেষ্ট। এমনকি প্রয়োজন হলে নির্বাচনের মাত্র পাঁচ দিন আগেও তিনি আবার যুদ্ধ শুরু করতে পারেন।

ইরান প্রসঙ্গে ইসরাইলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নেতানিয়াহুর মন্ত্রিসভা দাবি করছে, ইরান পতনের দ্বারপ্রান্তে রয়েছে। কিন্তু এটি মোটেও সত্য নয়। এ বিষয়ে তাদের কোনো সঠিক উপলব্ধি বা বোঝাপড়া নেই। এগুলো নিছক ফাঁকা বুলি।

বারাক আরো বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর তিন বছর পেরিয়ে গেলেও দুই হাজার ৫০০ জন নিহত হওয়ার পরও এই সরকার ক্ষমতায় রয়েছে এবং দাবি করছে যে তারা ইসরাইলকে এগিয়ে নিতে পারবে—এটি ইসরায়েলি প্রজন্মের জন্য লজ্জার বিষয়। 

তার ভাষায়, এই সরকার সম্পূর্ণ কৌশলগত অক্ষমতা এবং নজিরবিহীন দুর্নীতির পরিচয় দিয়েছে।

সূত্র : পার্সটুডে