ইরানের সাধারণ নাগরিকদের জন্য চালু করা সামরিক প্রশিক্ষণকেন্দ্র
ইরানের সাধারণ নাগরিকদের জন্য চালু করা সামরিক প্রশিক্ষণকেন্দ্র। সংগৃহীত ছবি

ইরানের সাধারণ নাগরিকদের জন্য একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্র চালু করেছে দেশটি। মার্কিন ও ইসরাইলি বাহিনীর মোকাবেলার জন্য সাধারণ নাগরিকদের প্রস্তুত করাই এর লক্ষ্য।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) রাজধানী তেহরানে প্রশিক্ষণকেন্দ্রটি চালু করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলার জেরে সাত মাসব্যাপী সংঘাতের সূত্রপাত হয়েছিল। ৮ এপ্রিলের যুদ্ধবিরতিতে ৪০ দিনের যুদ্ধের অবসান ঘটলেও সংঘাত অব্যাহত রয়েছে।

ইমাম হোসেন স্কোয়ারে স্থাপিত প্রথম ক্যাম্পের ধারাবাহিকতায় ‘হাফত-এ-তির স্কোয়ারে’ এই নতুন প্রশিক্ষণকেন্দ্রটি খোলা হয়েছে। আগামী সপ্তাহগুলোতে বেসামরিক নাগরিকদের প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে।

কেন্দ্রটির ফুটেজে দেখা গেছে, সেনাবাহিনীর সদস্যরা বিমান-বিধ্বংসী সরঞ্জাম নিয়ে মহড়া দিচ্ছেন, বাধা অতিক্রমের প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করে অস্ত্র পরিচালনার অনুশীলন করছেন।

এক সংবাদ সম্মেলনে ‘বাসিজ’ সংগঠনের প্রশিক্ষণবিষয়ক উপ-প্রধান আলি কৌসারি জানান, প্রশিক্ষণের জন্য এক হাজার ব্যাটালিয়নকে প্রস্তুত করা হয়েছে। 
  
সম্মেলনে সমাজের সর্বস্তরে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দেন তিনি।

কৌসারি বলেন, শত্রুপক্ষ যদি ‘আরো একবার ভুল হিসাব’ করে এবং নতুন কোনো হামলা চালায়, তবে ইরানিরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

সূত্র : মিডল ইস্ট আই