
যুদ্ধের ভয়াবহতায় ধ্বংস হয়ে যাওয়া গাজার বিভিন্ন স্থাপনার চিত্র তুলে ধরতে গুগল আর্থের স্যাটেলাইটে ধারণ করা ‘আগে ও পরে’র ছবি প্রকাশ করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক দীর্ঘ পোস্টে জোলি লিখেছেন, এখন গুগল আর্থ খুললেই গাজায় কী ঘটেছে, তার চিত্র স্পষ্টভাবে দেখা যায়। স্যাটেলাইটের ছবিতে যুদ্ধের আগে ও পরের পরিস্থিতির পার্থক্যও ফুটে উঠেছে।
জোলির ভাষ্য, গাজার বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ির পাশাপাশি স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। কিন্তু প্রয়োজনীয় ত্রাণ ও আশ্রয়ের উপকরণ পৌঁছে দেয়ার ক্ষেত্রেও এখনো নানা ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।
মিডল ইস্ট আই এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
শরণার্থী ও মানবিক সঙ্কট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত সংস্থাটির বিশেষ দূত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








