ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ
ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ। সংগৃহীত ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং শিশুসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

Advertisement

একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরাইলের চালানো ড্রোন হামলায় দু’জন ফিলিস্তিনি নিহত ও আটজন আহত হন।

এদিকে, গাজা শহরের পূর্বে আল-তুফফাহ এলাকায় একটি বাড়ির ছাদে ইসরাইলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, গাজা শহরের পশ্চিমে আল-নাসর এলাকায় ইসরাইলি বিমান হামলার পর দুই ফিলিস্তিনির লাশ এবং শিশুসহ বেশ কয়েকজন আহত ব্যক্তিকে আল-শিফা হাসপাতালে আনা হয়।

অন্যদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরাইলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ৪২২ ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ৯৯৬ জন আহত হয়েছেন।

এছাড়া ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। পাশাপাশি অবরুদ্ধ এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি