পশ্চিম তীরে ডাচ কর্মকর্তাদের কূটনৈতিক মর্যাদা বাতিলের ঘোষণা দিলো ইসরাইল
পশ্চিম তীরে ডাচ কর্মকর্তাদের কূটনৈতিক মর্যাদা বাতিলের ঘোষণা দিয়েছে ইসরাইল। সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে অবস্থানরত ডাচ কর্মকর্তাদের কূটনৈতিক স্বীকৃতি বাতিল করার ঘোষণা দিয়েছে ইসরাইল। ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নেদারল্যান্ডস নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু করার পর ইসরাইল এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, সংশ্লিষ্ট ডাচ কূটনীতিকদের সাত দিনের মধ্যে ইসরাইল সরকারের দেয়া কূটনৈতিক নথিপত্র ফেরত দিতে হবে।

তিনি বলেন, ওই সময়সীমা শেষ হওয়ার পর ইসরাইল সরকার তাদের যে কূটনৈতিক সুবিধা ও দায়মুক্তি দিয়েছে, তা আর কার্যকর থাকবে না।

সার জানান, নেদারল্যান্ডস সরকার গোলান মালভূমি, পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করায় ইসরাইল এই পদক্ষেপ নিয়েছে।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল এসব এলাকা দখল করে এবং এরপর থেকে সেগুলো দখল করে রেখেছে। আন্তর্জাতিক আইনের অধীনে এসব এলাকায় স্থাপিত ইসরাইলি বসতিগুলো অবৈধ বলে বিবেচিত।

চলতি মাসে ডাচ কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ২২ সেপ্টেম্বর থেকে ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। বাণিজ্যিক চালানের পাশাপাশি যাত্রীদের ব্যক্তিগত লাগেজের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

সাম্প্রতিক দিনগুলোতে ডাচ ও ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল থেকে নেদারল্যান্ডসে যাওয়া যাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য রয়েছে কি না তা যাচাই করতে আমস্টারডামের শিফল বিমানবন্দরে তল্লাশি করা হয়েছে।

নেদারল্যান্ডসের এই নিষেধাজ্ঞা চলতি মাসের শুরুতে ব্রিটেন ও ফ্রান্সসহ ১২টি পশ্চিমা দেশের সমন্বিত পদক্ষেপের পর এসেছে। ওই দেশগুলো ইসরাইলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

পূর্ব জেরুসালেম বাদ দিলে পশ্চিম তীরে প্রায় ৫ লাখ ইসরাইলি বসতিস্থাপনকারী বসবাস করে। একই এলাকায় প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করে।
সূত্র : বাসস