ইয়েমেনের তাইজ শহরে আরবের হামলায় বহু হতাহত : দাবি হাউছিদের
ইয়েমেনের তাইজ শহরে সৌদি আরবের হামলা। সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে সৌদি আরবের বিমান হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হাউছিদের। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইয়েমেনে সঙ্ঘাত আরো তীব্র হওয়ার মধ্যেই এ হামলার খবর এলো।

হাউছিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি অভিযোগ করেছেন, সৌদি আরব দুটি বিমান হামলা চালিয়ে তাইজ শহরের উপকণ্ঠের একটি বাজারে আঘাত করেছে। এতে প্রায় ৫০ জন নিহত বা আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি।

অনলাইনে দেয়া এক বিবৃতিতে সারি বলেন, হামলায় ‘অন্যায় ও আগ্রাসীভাবে’ মানুষের রক্ত ঝরানো হয়েছে। এ হামলার পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে হাউছিদের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ জানায়, তাইজের একটি বাজারে বিমান হামলায় ৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। সৌদি যুদ্ধবিমান ওই এলাকায় হামলা চালানোর কয়েক মিনিট পরই এ তথ্য প্রকাশ করা হয়।

পরবর্তী এক বিবৃতিতে হাউছিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-মাসিরাহ জানায়, আহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে।

পরে হাউছিদের একাধিক সূত্র এএফপিকে জানায়, ধারাবাহিক ওই হামলায় হাউছিদের প্রায় ৩০ জন যোদ্ধা নিহত হয়েছেন। একইসাথে ৮ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে তারা দাবি করে।

তাইজ শহরটি বর্তমানে ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে দীর্ঘদিন ধরে শহরটি হাউছি যোদ্ধাদের অবরোধের মধ্যে রয়েছে এবং ইয়েমেনের গৃহযুদ্ধের অন্যতম প্রধান সঙ্ঘাতপূর্ণ এলাকা হিসেবে এটি পরিচিত।

আল-মাসিরাহ প্রচারিত ভিডিও ও ছবিতে জানালার কাচ ভেঙে যাওয়া কয়েকটি যানবাহন এবং ক্ষতিগ্রস্ত গুদাম দেখা গেছে। গুদামগুলোর পণ্য ধুলার পুরু স্তরে ঢেকে ছিল।

কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে জুলাই মাসে ইয়েমেনে আবারো সঙ্ঘাত শুরু হয়।

সেপ্টেম্বরে সঙ্ঘাত আরো তীব্র হয়। ওই সময় হাউছিরা দ্রুতগতির অভিযান চালিয়ে বাব আল-মান্দাব প্রণালীসহ ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাব আল-মান্দাব আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ।

এর পাশাপাশি হাউছিরা সৌদি আরবের জ্বালানি রফতানির ওপরও অবরোধ আরোপ করেছে বলে জানা গেছে। এর আগে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় সৌদি জ্বালানি রফতানি ইতোমধ্যেই ব্যাহত হচ্ছিল।

শনিবার সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদের দিকে এগিয়ে আসা হাউছিদের দুটি ড্রোন তারা প্রতিহত করেছে।

রোববার রিয়াদের স্কুলগুলো এক সপ্তাহের জন্য অনলাইন বা দূরশিক্ষণ পদ্ধতিতে ক্লাস নেয়ার ঘোষণা দেয়। তবে এর কারণ জানানো হয়নি।

ইয়েমেনের যুদ্ধ শুরু হয় ২০১৪ সালে, যখন হাউছিরা সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে রাজধানী সানা দখল করে নেয়। পরে তারা দেশের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এর পরের বছর সৌদি আরবের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট ইয়েমেনের যুদ্ধে হস্তক্ষেপ করে।

তবে সৌদি আরবের সমর্থন থাকা সত্ত্বেও ইয়েমেনের সরকারি বাহিনী হাউছিদের সর্বশেষ অভিযান ঠেকাতে পারেনি বলে দাবি করা হয়।
সূত্র : বাসস