হরমুজ প্রণালী, ইরানি প্রস্তাব, ডোনাল্ড ট্রাম্প, প্রত্যাখ্যান, পাল্টাপাল্টি হামলা,  আশঙ্কা,
প্রতীকী ছবি। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা আবারো বাড়তে পারে। হরমুজ প্রণালী খুলে দেয়ার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শিগগিরই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক বিশ্লেষক।

আল জাজিরা রোববার (২৭ সেপ্টেম্বর) জানায়, দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি এ আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমার মনে হয় না, ইরান আত্মসমর্পণ বা কোনোভাবেই নতি স্বীকার করার দ্বারপ্রান্তে রয়েছে। ফলে মধ্যবর্তী নির্বাচনের আগে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। আমি মনে করি, এটি বাস্তবসম্মত একটি সম্ভাবনা।'

এলমাসরি বলেন, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইরানের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের জবাব দিতে দেশটি পাল্টা পদক্ষেপ নিতে পারে।

তিনি বলেন, 'ইরান হয়তো সিদ্ধান্ত নিতে পারে, ট্রাম্পের ওপর চাপ সৃষ্টির এটাই উপযুক্ত সময়। বিশেষ করে যখন মধ্যবর্তী নির্বাচন এগিয়ে আসছে।'

এলমাসরির মতে, হরমুজ প্রণালী খুলে দেয়ার ইরানি প্রস্তাবকে ট্রাম্পের প্রতি একধরনের ছাড় হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে নভেম্বরের নির্বাচনের আগে তেল ও গ্যাসের দাম কমানোর সুযোগ তৈরি হতে পারত।

তিনি আরো বলেন, জনমত জরিপে রিপাবলিকান পার্টির অবস্থা ভালো নয়। দলটির বেশ কয়েকজন প্রার্থী ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখছেন।

এলমাসরি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও চলমান নিষেধাজ্ঞার কারণে শুধু ইরানই তীব্র অর্থনৈতিক চাপের মুখে নেই, ট্রাম্প প্রশাসনও একই ধরনের চাপের মধ্যে রয়েছে।