ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। একইসাথে তিনি জানিয়েছেন, সঙ্কট সমাধানে মধ্যস্থতা করতে ওমান প্রস্তুত রয়েছে।

Advertisement

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে, শনিবার ইরানের প্রস্তাব করা একটি যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইরানের দাবি, ওই চুক্তি হলে এক সপ্তাহের মধ্যেই জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আবার খুলে দেয়া সম্ভব হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পানিপথটি এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। প্রায় সাত মাস ধরে চলা এই সংঘাত বর্তমানে অচলাবস্থায় রয়েছে।

নিউইয়র্কে সমবেত বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় আলবুসাইদি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে তাদের বিরোধগুলো সমাধানের জন্য সংযম ও দূরদর্শিতার নীতি অনুসরণ করার আহ্বান জানাই। একইসাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছাতে সংলাপে বসার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে ওমান তার প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আবারো দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে। এ প্রচেষ্টায় সব পক্ষকে ওমানের সাথে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

ওমান হরমুজ প্রণালীর অপর পারে ইরানের বিপরীত দিকে অবস্থিত। সম্প্রতি ইরানের আরোপ করা বিধিনিষেধ এড়িয়ে চলতে যেসব জাহাজ ওই পানিপথ দিয়ে চলাচল করছে, তাদের অনেকেই ওমানের উপকূল ঘেঁষে বিকল্প পথে যাতায়াত করছে।

সূত্র : বাসস