
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বলেছেন, মক্কা এবং সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা মোকাবিলায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে রিয়াদে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকটি হয় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তাদের রিয়াদে জরুরি বৈঠকের পর। গত মাসে তিন দেশের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা এমজেডিএ সইয়ের পর এটিই ছিল চুক্তির আওতায় তিন দেশের মধ্যে প্রথম বিশেষ উচ্চপর্যায়ের সামরিক সমন্বয় বৈঠক।
সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদে আসিম মুনিরের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিও ছিল।
এক্সে দেয়া এক পোস্টে খালিদ বিন সালমান বলেন, ‘আমি পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছি। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত দেশগুলোর চিফ অব স্টাফদের বৈঠকের ফলাফল নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করেছি এবং মক্কা ও সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় চালানো ঘৃণ্য হামলা নিয়ে আলোচনা করেছি।’
তিনি আরো বলেন, এমজেডিএ অনুযায়ী এসব হামলা মোকাবিলায় যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আমরা একমতও হয়েছি।
বৈঠকে সৌদি মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান, চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুওয়াইলি এবং প্রতিরক্ষামন্ত্রীর গোয়েন্দাবিষয়ক উপদেষ্টা হিশাম বিন আবদুলআজিজ বিন সাইফসহ দেশটির আরো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।








