
ইয়েমেনের লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখায় সৌদি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত এবং আরো আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাউছি-নিয়ন্ত্রিত বার্তাসংস্থা সাবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাবা জানিয়েছে, সৌদি-নেতৃত্বাধীন বিমান হামলায় মোখায় দুই শিশু ও এক নারীসহ ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং এক শিশু ও এক নারীসহ আরো আটজন আহত হয়েছেন।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে হাউছি গোষ্ঠী। অন্যদিকে, সৌদি আরব ওই সরকারকে সমর্থন দিয়ে আসছে।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির লোহিত সাগর উপকূলীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হাউছিরা।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি








