কাতার-ইরান-নিরাপত্তা-কাঠামো-আঞ্চলিক-আস-সানি
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আস সানি আনদোলু

উপসাগরীয় দেশগুলো ও ইরানকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আস সানি। তিনি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধকে এ অঞ্চলের জন্য একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেখা উচিত।

তুরস্কের বার্তা সংস্থা আনদোলু (২১ সেপ্টেম্বর) জানায়, নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের অবকাশে কাতার ইকোনমিক ফোরামে বক্তব্য দেয়ার সময় আস সানি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই যুদ্ধ সবার জন্য একটি সতর্কবার্তা হবে। এখনই সেই কাঠামো গঠনের সময়।’

কাতারের প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সংকট নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাগুলোকে পরীক্ষার মুখে ফেলেছে। এই সংকটের প্রভাব শুধু এ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর পরিধি আরো বিস্তৃত হয়েছে।

আস সানি বলেন, ‘ইরান আমাদের প্রতিবেশী। আমাদের বুঝতে হবে, উপসাগরীয় দেশগুলো ও ইরানকে একত্রিত করে এমন একটি নিরাপত্তা কাঠামো ছাড়া এ অঞ্চলের পরিস্থিতি আগের মতো চলতে পারে না। এই কাঠামোতে নিশ্চিত করতে হবে, আমাদের কেউ যেন অন্যের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।’

তিনি আরো বলেন, ‘একটি অঞ্চল হিসেবে আমাদের দায়িত্বশীলতার সাথে একসাথে কাজ করতে হবে। ইরানের সাথে আমাদের ভালো সম্পর্ক নিশ্চিত করতে হবে এবং ইরানেরও উপসাগরীয় দেশগুলোর সাথে ভালো সম্পর্ক থাকা প্রয়োজন।’

আস সানি জানান, কাতার ও তার আঞ্চলিক অংশীদাররা এ ধরনের একটি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, সংঘাতটি আঞ্চলিক সহযোগিতা আরো বাড়ানোর পথ তৈরি করবে।

তিনি বলেন, ‘আমরা এ লক্ষ্যে কাজ করছি। আমাদের আঞ্চলিক অংশীদাররা এতে বিশ্বাস করে। আমরা আশা করছি, এই যুদ্ধ সবার জন্য একটি সতর্কবার্তা হবে যে, এখনই তা বাস্তবায়নের সময়।’

কাতারের প্রধানমন্ত্রী জানান, উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমঝোতায় সহায়তার লক্ষ্যে দেশটি মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি যোগাযোগের পথ খোলা রাখবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করবে।

অর্থনীতি প্রসঙ্গে আস সানি কাতার ইনভেস্টমেন্ট অথরিটির অভ্যন্তরীণ বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনা ও সম্প্রসারণ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ‘দোহা ইনভেস্টমেন্ট’ প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন।

আগামী পাঁচ বছরে কাতার অবকাঠামো খাতে প্রায় ৩ হাজার ৮৫০ কোটি ডলারের প্রকল্পের দরপত্র আহ্বান করবে। এ ছাড়া আবাসন ও আতিথেয়তা খাতে বেসরকারি বিনিয়োগ আসতে পারে ২ হাজার ২৫০ কোটি ডলার। সব মিলিয়ে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৬ হাজার কোটি ডলারের বেশি হতে পারে।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে বিশ্বনেতারা সমবেত হওয়ার সময় আস সানির এসব বক্তব্য এলো। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ এবং এর আঞ্চলিক প্রভাব উপসাগরীয় দেশগুলোর সামনে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্যতম।