সিরিয়া-বিস্ফোরণ-আলেপ্পো-ভয়াবহ
সিরিয়ার বিস্ফোরণের ছবি আল জাজিরা

উত্তর সিরিয়ার আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রের গুদামে ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার ভোরে আলেপ্পোর দক্ষিণে আল-ঈস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় বিস্ফোরণগুলো ঘটে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আল জাজিরা ও লেটেস্টলির সোমবারের (২১ আগস্ট) প্রতিবেদনে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করা হয়।

আলেপ্পোয় বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী সানাকে বলেন, ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করে সরিয়ে নেয়া হয়েছে। তবে বিস্ফোরণ অব্যাহত থাকায় জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ কারণে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব বাসিন্দাদের সাময়িকভাবে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় প্রতিবেদনে দামেস্ক-আলেপ্পো মহাসড়কের কিছু অংশ নিরাপত্তা ব্যবস্থার আওতায় পড়েছে বলেও জানানো হয়েছে।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানান, শহর থেকে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দূরে বড় ধরনের আগুনের শিখাও দেখা গেছে।

কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থলকে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনা হিসেবে উল্লেখ করা হলেও কিছু প্রতিবেদনে এটিকে গোলাবারুদ বা অস্ত্রের গুদাম বলা হয়েছে। দুর্ঘটনা, কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো কারণে এ বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে কর্মকর্তারা এখনো কোনো ঘোষণা দেননি। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।