হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী সংগৃহীত ছবি

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, জুন মাসের চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ না করা এবং তেহরানের শর্তাবলী মেনে না নেয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

রোববার (২০ সেপ্টেম্বর) পার্লামেন্টে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

গালিবাফ বলেন, ইরান ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রতিপক্ষকে তাদের শর্তাবলী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে’।

তিনি আরো বলেন, ‘শত্রুপক্ষ ভালোভাবেই জানে যে প্রতারণা ও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার পথ এখন বন্ধ। যতক্ষণ না এই শর্তগুলো পূরণ হচ্ছে, ইরানি জাতির বৈধ অধিকারকে স্বীকৃতি দেয়া হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলোচনার আগের অবস্থায় ফিরে যাওয়া বা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার কোনো সুযোগ থাকবে না।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান ওই অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, সেসব দেশের ওপর পাল্টা হামলা চালায়। পাশাপাশি তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পানিপথ হরমুজ প্রণালীও বন্ধ করে দেয় ইরান।

এর আগে, জুন মাসে ওয়াশিংটন ও তেহরান একটি চুক্তিতে পৌঁছেছিল, যার আওতায় সামরিক অভিযান বন্ধ রাখা এবং নৌ-চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার ব্যবস্থা গ্রহণের কথা ছিল।

তবে কৌশলগত এই পানিপথে নৌ-চলাচল ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্যের জেরে পরবর্তীতে সেই চুক্তিটি ভেস্তে যায়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি