
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে ফোনালাপে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘সংলাপ ও কূটনীতি’র ওপর জোর দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই মন্ত্রী আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
আল জাজিরা শনিবার (১৯ আগস্ট) জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে ইসহাক দার ও তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচি ‘সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা’ করেন।
দার বলেন, ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং জাহাজ চলাচলের নিরাপদ ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ উন্নয়নশীল দেশগুলো এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার ওপর এর প্রভাব বিবেচনায় বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দার আরো বলেন, ‘অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি।’
বিবৃতিতে বলা হয়, দুই নেতা ‘ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার’ বিষয়ে একমত হয়েছেন। পাশাপাশি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে তাদের বৈঠকের বিষয়েও সম্মতি হয়েছে।
দুই পররাষ্ট্রমন্ত্রীর এই আলাপ এমন এক সময়ে হলো, যখন আঞ্চলিক পরিস্থিতির প্রভাব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌপথের ওপরও পড়ছে। পাকিস্তান বলছে, উন্নয়নশীল দেশ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার স্বার্থেই জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখা জরুরি।







