
ইসলামাবাদ চুক্তিতে ফিরে যেতে এবং বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান করতে আন্তর্জাতিক কূটনৈতিক মধ্যস্থতাসহ বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চুক্তিতে অপর পক্ষকে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলেও দাবি করেছে তেহরান।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে আল জাজিরা শনিবার (১৯ আগস্ট) জানায়, এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলি জেইনিভান্দ এ কথা বলেন। তিনি বলেন, ‘সমস্যাগুলোর সমাধান এবং ইসলামাবাদ চুক্তিতে ফিরে যাওয়ার লক্ষ্যে প্রচেষ্টা ও আন্তর্জাতিক কূটনৈতিক মধ্যস্থতা অব্যাহত রয়েছে।’
ইরানের এই কর্মকর্তা বলেন, ‘চুক্তিতে অপর পক্ষকে নিজেদের প্রতিশ্রুতিগুলোও মেনে চলতে হবে।’
ইসলামাবাদ চুক্তির গুরুত্ব তুলে ধরে জেইনিভান্দ বলেন, এটি এমন একটি চুক্তি, যা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ অনুমোদন করেছে এবং সর্বোচ্চ নেতা এর অনুমোদন দিয়েছেন। ফলে এটি রাষ্ট্রীয় ব্যবস্থার একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত।
তিনি আরো বলেন, ‘সক্রিয় কূটনীতি অব্যাহত রয়েছে। প্রেসিডেন্টের অংশগ্রহণে ভারত ও কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিকসের বৈঠকে অংশ নেয়া হচ্ছে। পাশাপাশি চলছে নিবিড় পরামর্শ।’
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যে ইসলামাবাদ চুক্তিতে ফিরে যাওয়ার জন্য দেশটির কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকার বিষয়টি উঠে এসেছে।







