
ইয়েমেনের তাইজের আল-ওয়াজিয়া জেলায় গত ২৪ ঘণ্টার সংঘর্ষ ও বিমান হামলায় ৩০ হাউছি যোদ্ধা নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইয়েমেনি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
একটি সামরিক সূত্র জানিয়েছে, সংঘর্ষের এলাকায় হাউছিদের যানবাহন ও জমায়েতকে লক্ষ্য করেও ইয়েমেনি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে।
সূত্রটি আরো জানায়, আল-ওয়াজিয়া জেলার বিভিন্ন জায়গায় ২৪ ঘণ্টার সংঘর্ষ চলাকালে ৩০ জন হাউছি যোদ্ধাকে হত্যা এবং ৬০ জনেরও বেশি যোদ্ধাকে আহত করেছে সেনাবাহিনী।
এর আগে সেনাবাহিনী জানিয়েছিল যে, তাদের বিমানবাহিনী তাইজ এবং লোহিত সাগরের তীরবর্তী শহর মোচায় হাউছিদের সরবরাহ লাইন ও সেনা মোতায়েনের স্থানগুলোতে আঘাত হেনেছে।
সেনাবাহিনী আরো জানিয়েছে যে, তারা এর আগে তাইজে হাউছিদের হামলা প্রতিহত করেছে এবং গোষ্ঠীটির অবস্থান ও অতিরিক্ত সৈন্যের ঘাঁটিতে আঘাত হেনেছে।
সাম্প্রতিক দিনগুলোতে সেনাবাহিনী বেশ কয়েকটি প্রদেশে হাউছিদের বিভিন্ন অবস্থানে হামলা জোরদার করেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি







