
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রবেশের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বুধবার এ তথ্য জানিয়েছে।
আলাদা এক বিবৃতিতে আব্বাসের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর সদস্য এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের ভিসা দেয়া হবে না।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতি দেওয়া প্রতিশ্রুতির বিপরীতে সংস্কার করতে ব্যর্থ হওয়া এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে চলমান কর্মকাণ্ডের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাসও এই সিদ্ধান্তের আওতায় পড়েছেন।
গত বছরও ট্রাম্প প্রশাসন একই পদক্ষেপ নিয়েছিল। এর ফলে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের নিয়মিত অংশগ্রহণকারী ফিলিস্তিনি নেতা ভিডিওর মাধ্যমে বিশ্বনেতাদের এই সম্মেলনে ভাষণ দিতে বাধ্য হন।
বুধবারের বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, পিএলও এবং পিএ ‘আবারো তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।’
দফতরটি আরো বলেছে, এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোতে এমন পদক্ষেপ নেয়া ও সমর্থন করা, যা তাদের আগের দেয়া প্রতিশ্রুতিকে ক্ষুণ্ন ও বিরোধিতা করে।
ওয়াশিংটন আরো অভিযোগ করেছে, পিএলও এবং পিএ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে। তারা একতরফা স্বীকৃতি আদায়ের মাধ্যমে আলোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি, সন্ত্রাসীদের ভাতা দেওয়া এবং প্রকাশ্য বিবৃতি ও স্কুলের পাঠ্যবইয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসীদের প্রশংসা অব্যাহত রেখেছে।
সূত্র : বাসস







