
আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। পরিবার ও সমাজে পুরুষের ইতিবাচক অবদান তুলে ধরা এবং তাদের অধিকার, মর্যাদা ও শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি।
এ বছরের প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’। এর মাধ্যমে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
প্রতিবছর ১৯ নভেম্বর দিবসটি পালিত হয়। বাবা, ভাই, স্বামী, বন্ধু ও সহকর্মী হিসেবে বিভিন্ন ভূমিকায় পুরুষের অবদান স্বীকার করার পাশাপাশি তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় এ দিবস।
১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জেরোম টিলাকসিংহের উদ্যোগে দিবসটি পালনের সূচনা হয়। শুরু থেকেই এ উদ্যোগ ব্যাপক সাড়া পায়, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে।
আন্তর্জাতিক পুরুষ দিবসের উদ্দেশ্য আন্তর্জাতিক নারী দিবসের সাথে প্রতিযোগিতা করা নয়। বরং পরিবার ও সমাজে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেয়া, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং পুরুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখাই এ দিবসের লক্ষ্য।
দিবসটির প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে সততা, নিষ্ঠা ও সৎ আচরণের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী সাধারণ পুরুষের অবদান তুলে ধরা; পরিবার, জীবনসঙ্গী ও সন্তানের প্রতি তাদের অবদানের স্বীকৃতি দেয়া এবং পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো।
এছাড়া সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা ও আইনি বিষয়ে পুরুষের প্রতি বৈষম্যের বিষয়টি তুলে ধরা, লিঙ্গসমতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং সবার জন্য আরো নিরাপদ ও উন্নত বিশ্ব গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগে উৎসাহিত করাও দিবসটির লক্ষ্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








