মাদকবিরোধী অভিযান, ইয়াবা, মামলা, গ্রেফতার, ডিবি পুলিশ
গ্রেফতার শরীফ ঢালী। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি শরীফ ঢালীকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা ডিবি পুলিশের ওসি মো: ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাত পৌনে ১১টার দিকে টঙ্গীবাড়ী থানাধীন উত্তর মূলচর এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার শরীফ জেলা সদরের দক্ষিণ বেহারকান্দি (মোল্লাকান্দি) গ্রামের বাসিন্দা।

ওসি ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১১টার দিকে জেলা ডিবির এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল টঙ্গীবাড়ী থানাধীন উত্তর মূলচর গ্রামের পাকা রাস্তার ওপর
মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে। অভিযানে শরীফকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে ইতোপূর্বে ১২টি মামলা রয়েছে।