সিফাত আব্দুল্লাহ, কলেজছাত্র সিফাত, হাইকোর্টের জামিন, সিফাতের কারামুক্তি, সন্ত্রাসবিরোধী আইনের মামলা, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গাজীপুর গাছা থানা, বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও
সিফাত আব্দুল্লাহ। সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Advertisement

বুধবার হাইকোর্টের জামিনে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে তিনি মুক্তি পান। এর আগে, সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ধারাবাহিকতায় বুধবার কারাগার থেকে মুক্তি পান তিনি।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিনের আবেদন নাকচ হয়। প্রথমে গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো: রাকিবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতেও দ্বিতীয় দফায় জামিন আবেদন খারিজ হয়।

দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুরের পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

সিফাতের আইনজীবীদের দাবি, তাকে গ্রেফতারের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ে দেয়া বক্তব্যের বিষয়টি সামনে আনা হলেও সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারে এ ধরনের বক্তব্যের কোনো উল্লেখ নেই।

তাদের অভিযোগ, পুরোনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে।

উল্লেখ্য, সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর তাকে আটক করে পুলিশ। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।