চিত্রনায়িকা পরীমণি
চিত্রনায়িকা পরীমণি। সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

Advertisement

পরীমণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী শুনানি পেছানোর আবেদন করলে মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রিপন হোসেন নতুন তারিখ ধার্য করেন।

এ দিন পরীমণিসহ মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

ওই বছরের ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমণির জামিন মঞ্জুর করেন। পরে ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অভিযোগপত্রে বলা হয়, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর লিখিতভাবে সিআইডিকে জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেয়া হয়েছিল, যার মেয়াদ ২০২১ সালের ৩০ জুন শেষ হয়।

অভিযোগপত্রে আরো বলা হয়, পরীমণি মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তার গাড়ি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করা হতো বলেও উল্লেখ করা হয়। ইউএনবি