পরীমণি, আদালত, মামলাম শুনানি
আদালতে পরীমণি। ইন্টারনেট

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

Advertisement

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রিপন হোসেন এ দিন ধার্য করেন।

পরীমণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমণি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারি মামলাটি আইন সংশোধন হওয়ায় ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়। এরপর সিএমএম এসে পরীমণি হাজিরা দেন। এরপর বিচারক চার্জগঠন বিষয়ের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য  করেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র‌্যাব বনানী থানায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়ে, পরীমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর লিখিতভাবে সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমণির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেয়া হয়েছিল, যার মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। তিনি মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন এবং নিজের গাড়িটি মাদক বহনের কাজে ব্যবহার করতেন। এসব মাদক রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।