রামিসা হত্যা ও ধর্ষণ, মামলা, সোহেল রান, মৃত্যুদণ্ড, হাইকোর্ট
আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন। ইন্টারনেট

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেছেন। 

এর আগে, সোমবার শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

আদালত বলেছেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসায় প্রতিবেশী সোহেল রানার ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, সোহেল রানা শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাকে গলা কেটে হত্যা করে অপরাধের আলামত নষ্ট করতে লাশ টুকরো করার চেষ্টা করেন।

ঘটনার পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত শেষে গত ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।

পরে মামলাটি বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। দ্রুত বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। গতকাল সোমবার এসব আবেদনের শুনানি শেষ হয়।